সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে তামিম
সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে তামিম

সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে তামিম

বিডি নিউজ ৬৪: ১ রানে লাইফ পেয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটাই তুলে নিলেন তামিম ইকবাল। সেই সাথে হয়ে গেলেও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ১১০ বলে ১০ বাউন্ডারিতে সেঞ্চুরি করেছেন তামিম। ১২ ম্যাচ পর আবার তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পেলেন বাঁ হাতি ড্যাশিং ওপেনার। গত বছরের এপ্রিলে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন তামিম। এই সিরিজে ৮০ ও ২০ রানের পর এবার হলো সেঞ্চুরি।

খেলার শুরুতেই তামিমের দেওয়া সহজ ক্যাচ ফেলেছেন আফগানিস্তানের অধিনায়ক আসগার স্তানিকজাই। এরপর আর পিছু ফিরে তাকাননি তামিম। ফিফটির পর হয়েছেন আরো আগ্রাসী। সাব্বির রহমানের (৬৫) সাথে এই সিরিজের সর্বোচ্চ ১৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে চমৎকার ভিত দিয়েছেন। এরপর বন্ধু সাকিব আল হাসানের সাথে ব্যাট করেই তাকে ছাড়িয়ে গেলেন তামিম। এতদিন ওয়ানডেত দুজনারই সমান ৬টি সেঞ্চুরি ছিল।

এই রিপোর্ট লেখার সময় মিরপুরে টস জিতে ব্যাট করতে থাকা বাংলাদেশ দারুণ অবস্থায় আছে। ৩৬.১ ওভারে ২ উইকেটে ১৯০ রান তাদের। তামিম ১০০ রানে ব্যাট করছেন। সাকিব ব্যাট করছেন ১০ রানে। এই ম্যাচ জিতলে সিরিজ ২-১ এ জিতবে বাংলাদেশ। হারলে র‌্যাংকিংয়ে ৭ থেকে ৮ এ নেমে যাবে। জিতলে এটি টাইগারদের ইতিহাসের শততম ওয়ানডে জয়ের রেকর্ডও হবে।

এদিন ২৩ রানে পড়েছে বাংলাদেশের প্রথম উইকেট। পেসার মিরওয়াইস আশরাফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলকে অযথা খেলতে গিয়ে উইকেটের পেছনে সহজ ক্যাচ দেন সৌম্য সরকার (১১)। এই সিরিজের প্রথম ম্যাচে সৌম্য শূণ্য রানে আউট হয়েছিলেন। পরের ম্যাচ করেছিলেন ২০।

মাহমুদ উল্লাহকে না পাঠিয়ে এই ম্যাচে তিন নম্বরে পাঠানো হয় সাব্বির রহমানকে। সাব্বির এসে কিছুক্ষণের মধ্যে নিজেকে মানিয়ে নেন। মেরেছেন দুটি ছক্কাও। তৃতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ নবির বলে ক্যাচ তুলেও বেঁচে গেছেন তামিম। এরপর ৬৩ বলে করেছেন ফিফটি। সাব্বির ৬৭ বলে ফিফটি করলেও খেলেছেন দারুণ। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটা এই যুবা করেছেন ৫টি চার ও দুটি ছক্কায়।

দুজনের ফিফটির পর রানের চাকা আরো দ্রুত ছোটে। এদিন চার স্পিনার আফগানদের। তিনজন লেগি। কিন্তু আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের জড়তা এই ম্যাচে অনুপস্থিত। তাই মার খান স্পিনাররাও। ষষ্ঠ ওভারে শুরু করে ৩১তম ওভারে আউট হয়েছেন সাব্বির। রহমত শাহকে তৃতীয় ছক্কাটা মারার এক বল পরই ক্যাচ দিয়েছেন। শেষ হয়েছে ৭৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংস। তামিম এরপর ১৫৬তম ম্যাচে ৭ নম্বর সেঞ্চুরির দেখা পেয়েছেন। তিন সংস্করণেই তামিম দেশের সর্বোচ্চ রানের মালিক। তিন সংস্করণেই সেঞ্চুরি করা একমাত্র টাইগার তিনি। সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও ছিলেন।  এখন টেস্ট, টি-টোয়েন্ট ও ওয়ানডেতে আলাদা করেও দেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *