বিডি নিউজ ৬৪: সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ড (নর্দার্ন কমান্ড) পরিদর্শন করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল দালবির সিং সুহাগ। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে সামরিক বাহিনীর প্রস্তুতি দেখতে আজ শনিবার নর্দার্ন কমান্ডের সদরদফতরে গেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের ভূ-খণ্ডের ভেতরে ঢুকে ৭টি জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক হামলা চালায় এ নর্দার্ন কমান্ড। তিন দিনের মাথায় কমান্ডটির সদরদফতরে গেলেন সেনাপ্রধান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, জেনারেল সুহাগ সকালেই নর্দার্ন কমান্ডের সদরদফতরে আসেন।
এরপর তিনি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কাশ্মীর সীমান্তে অপারেশনাল প্রস্তুতি ও অন্যান্য পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সেনাপ্রধান নর্দার্ন কমান্ডকে সার্জিক্যাল স্ট্রাইক সফলভাবে পরিচালনার জন্য অভিনন্দন জানান এবং অভিযানে অংশ নেওয়া কমান্ডোদের ভূয়সী প্রশংসা করেন। নর্দার্ন কমান্ডের পর সেনাপ্রধান ওয়েস্টার্ন কমান্ডও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। সেনাবাহিনীর পাকিস্তান সংলগ্ন এ কমান্ডগুলো জেনারেল সুহাগের পরিদর্শনে ওই অঞ্চলে ভারতের সর্বোচ্চ সামরিক প্রস্তুতিরই জানান দিচ্ছে।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। দুই পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে। দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তান ভূ-খণ্ডের ২ কিলোমিটার ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এতে দুই পাকিস্তানি সৈন্য ও ৩৮ জঙ্গি নিহত হয়। এরপর ২৯ সেপ্টেম্বর দিনগত রাতে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সেনাবাহিনীর পাল্টা আঘাতে ১৪ ভারতীয় সৈন্য নিহত হয়েছে, এমনকি তারা আটকও করেছে এক ভারতীয় সৈন্যকে। যদিও তা নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল