গাজীপুরে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত
গাজীপুরে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত

গাজীপুরে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত

বিডি নিউজ ৬৪: গাজীপুরে বিএনপির সদ্যপ্রয়াত নেতা হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিশাল এ জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দিন আহম্মেদ।

জানাজায় হান্নান শাহর দুই পুত্র রিয়াজুল হান্নান ও রেজাউল হান্নান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এম এ জেড জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নেতা ও কালিয়াকৈরের মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডা. মাজহারুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনসহ জেলা, মহানগর, বিভিন্ন উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শরিক হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর লাশ সকাল সাড়ে ৮টায় ঢাকা সিএমএইচ থেকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে পৌঁছায়। সেখানে কালো কাপড় দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চে তাঁর মরদেহ রাখা হয়। লাশ দেখতে এবং জানাজায় অসংখ্য বিএনপি নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

জানাজা শেষে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে হান্নান শাহকে শেষ শ্রদ্ধা জানায়। পরে তার লাশ কাপাসিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *