আজ সারাদেশে বিভিন্ন পরীক্ষার ব্যস্ততা
আজ সারাদেশে বিভিন্ন পরীক্ষার ব্যস্ততা

আজ সারাদেশে বিভিন্ন পরীক্ষার ব্যস্ততা

বিডি নিউজ ৬৪: আজ শুক্রবার ৩৭তম বিসিএসের প্রিলিমিলিনারি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা ও সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা রয়েছে। সবমিলিয়ে শুক্রবার দিনটি পরীক্ষাময়।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টাব্যাপী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬জন চাকরিপ্রার্থী।
সরকারি কর্মকমিশন (পিএসসি) কমিশনের জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান টুটুল সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, এই বিসিএসে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ হিসাবে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি পদের বিপরীতে চাকরিপ্রার্থী ১৯৮ দশমিক ৫৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে একটি পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক প্রায় ১৯৮ জন প্রার্থী ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশ নেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে রাজধানীজুড়ে মোট ৫৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ’ ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবেন ৪২ হাজার ১৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাইস্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সি’ ইউনিটে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জবি জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জানানো হয়, এবার ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮শ’ ২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫০ শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা গভর্মেন্ট মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুল, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং হোম ইকোনমিক্স কলেজ কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।
এদিকে, চাকরিপ্রত্যাশীদের জন্য দেশজুড়ে সবচেয়ে বড় পরীক্ষা বিসিএসের পরীক্ষার দিনেই সোনালী ব্যাংকের ২ পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ও সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে, যারা ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরে বিসিএস পরীক্ষায় বসবেন তাদের পক্ষে সকাল সাড়ে ১১টায় পরীক্ষা শেষ করে মাত্র ৩ ঘণ্টায় ঢাকা আসা অসম্ভব বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।
পরীক্ষার্থীদের অভিযোগ, বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে অনেক আগেই। কিন্তু সোনালী ব্যাংকের ঘোষণাটি এসেছে ২২ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *