অনন্য 'ডাবল' জিতে বাংলাদেশে আসছেন ডাকেট
অনন্য 'ডাবল' জিতে বাংলাদেশে আসছেন ডাকেট

অনন্য ‘ডাবল’ জিতে বাংলাদেশে আসছেন ডাকেট

বিডি নিউজ ৬৪: বেন ডাকেট এখন সপ্তম স্বর্গে। সেখানে উড়তে উড়তেই ইংল্যান্ডের হালের সেনসেশনাল ব্যাটসম্যান আসছেন বাংলাদেশ সফরে। সাথে থাকছে মর্যাদার পুরস্কারের ‘ডাবল’। বুধবারই ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংস্থা পিসিএ’র ‘প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার’ এবং ‘ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার’ এর খেতাব জিতেছেন।

২১ বছরের উইকেটকিপার-ব্যাটসম্যান ডাকেট স্বপ্নের মতো সময়ই কাটাচ্ছেন। শুক্রবার বাংলাদেশে আসছেন। প্রথমবারের মতো ইংলিশ দলে জায়গা করে নিয়েছেন ওপেনার। আর তা ওয়ানডে ও টেস্টের দুই দলেই। কাউন্টি ক্রিকেটে অসাধারণ মৌসুম তার ভাগ্য খুলে দিয়েছে। এখন আন্তর্জাতিক অঙ্গণে নিজেকে প্রমাণের অপেক্ষায়। অভিষেকের অপেক্ষায়।

বাঁ হাতি ডাকেটের নৈপুণ্য নর্দাম্পটনশায়ারকে এবারের টোয়েন্টি টোয়েন্টি ব্ল্যাস্টের শিরোপা জিততে সহায়তা করেছে। কাউন্টির দ্বিতীয় বিভাগে ১,৩৩৮ রান করেছেন। এই মৌসুমে আছে দুটি অপরাজিত ডাবল সেঞ্চুরি। এপ্রিলে ২৮২ রানের ইনিংস খেলেছেন কাউন্টিতে। জুলাইয়ে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ ২২০ রানের ওয়ানডে ইনিংসটি লায়ন্সের হয়ে খেলেছেন শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে। এই সিরিজেই ১৬৩ নট আউটের একটি ইনিংস আছে। এই সেপ্টেম্বরেই কাউন্টিতে আছে ২০৮ রানের ইনিংস।

পুরস্কার জেতার পর ডাকেট বললেন, “আমার চেহারা থেকে হাসিটা যাচ্ছেই না। এতটা আশা করিনি। ইংল্যান্ড দলে ডাক পেলাম। আরো কতো কি ঘটছে। মৌসুমের শুরুতে কেউ এই কথা বললে আমি নিজেও তা বিশ্বাস করতাম না।”

এই ডাবলের একদিন আগেই ক্রিকেট রাইটার্স ক্লাবের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডাকেট। এই খেলোয়াড়ই কিন্তু একবার ফিটনেসের কারণে অনূর্ধ্ব-১৯ ও আরেকবার ইংল্যান্ড লায়ন্স দল থেকে বাদ পড়েন। কাউন্টিও একই কারণে বাদ দিয়েছিল তাকে। ড্রিংক করে গাড়ি চালানোর অপরাধে ড্রাইভিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন। সেখান থেকে উঠে এসে ডাকেট যা করেছেন তা অবিশ্বাস্য। বাংলাদেশে কি করেন তাই এই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *