বিডি নিউজ ৬৪: লিওনেল মেসি অবসর ভেঙে মাঠে ফিরেই গোল করেছিলেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাও জিতেছিল ১-০ গোলে। তবে ইনজুরির কারণে মেসি খেলতে পারেননি ভেনেজুয়েলার বিপক্ষে। তাঁর অভাবটাও হাড়ে হাড়ে টের পেয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে বুধবার ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে এদগার্দো বাউসার শিষ্যরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের ১ নম্বর থেকে ৩ নম্বরে নেম গেল তারা।
নিজেদের মাঠে ভেনেজুয়েলা এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। ৩৫ ও ৫৩ মিনিটে দুটি গোল করেছিলেন জে আনোর ও জোসেফ মার্টিনেজ। এ সময়ে হারের আশঙ্কাই ভর করেছিল আর্জেন্টিনা শিবিরে। তবে শেষ পর্যন্ত অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আকাশি-সাদারা। ৫৮ মিনিটে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেছিলেন নবাগত লুকাস প্রাতো। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই গোল পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেছেন নিকোলাস ওতামেন্দি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল