১৩ জঙ্গির লাশ সরাতে পুলিশকে ঢামেকের চিঠি

বিডি নিউজ ৬৪: একমাসের অধিক সময় মর্গে পড়ে থাকা ১৩ জঙ্গির লাশ নিয়ে বিপাকে পড়েছে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগ। মূলত ঢামেক মর্গে মরদেহ সংরক্ষণের আটটি ফ্রিজ বিকল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। তাই এ অবস্থায় জঙ্গিদের লাশ সরিয়ে নিতে ১ সেপ্টেম্বর পুলিশকে চিঠি দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। তবে চিঠি দিলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে চিন্তিত ঢামেক।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. ইসমাইল খান বলেন, ঢামেকে যে কয়টি বিভাগ আছে এর মধ্যে ফরেনসিক বিভাগটি অন্যতম। এর অধীনে রয়েছে মর্গ। রাষ্ট্রীয় প্রয়োজনে এখানে পোস্টমর্টেম করা হয়। আগের তুলনায় মর্গে ফ্রিজের সংখ্যা বেড়েছে। এখন ২০টি মরদেহ রাখতে পারি। কিন্তু কিছু দিন যাবৎ ৮টি ফ্রিজ বিকল হয়ে রয়েছে। মাত্র ১২টি দিয়ে কাজ চলছে। সাম্প্রতি সময়ে অভিযানে নিহত ১৩ জঙ্গির লাশই ঢামেক মর্গে ফ্রিজে আছে। এ ছাড়া প্রতিনিয়তই কিছু লাশ ঢামেক আসছে। সেই লাশগুলো রাখতে সমস্যা হচ্ছে। তাই ১৩ জঙ্গির লাশের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ জানার জন্য গত সপ্তাহে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছি। তবে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই থেকে কল্যাণপুরের জাহাজ বাড়ির জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম ২৬ নামে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় ৯ জঙ্গি নিহত হয়। ময়নাতদন্ত শেষে তাদের লাশ সেখানে সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে আরও এক জঙ্গি আস্তানায় অপারেশন হিট স্ট্রং ২৭ নামে আরেকটি অভিযানে নিহত হয় গুলশান শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরী ও তার সহযোগী মানিক ও ইকবাল। ২ সেপ্টেম্বর মিরপুরে অপর অভিযানে জাহিদুল ওরফে মুরাদ নামে আরেক জঙ্গি নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *