কেন বিস্ফোরিত হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট ৭?

বিডি নিউজ ৬৪: বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭। কিন্তু সম্প্রতি অভিযোগ এসেছে এ স্মার্টফোনটি প্রায়ই বিস্ফোরিত হচ্ছে। কিন্তু কেন এ সমস্যা? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যবহারকারীরা জানাচ্ছেন, চার্জের সময় এ স্মার্টফোনটি প্রায়ই খুব গরম হয়ে পড়ছে। এছাড়া কয়েকটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার বা উত্তপ্ত হয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। স্যামসাংও এ বিষয়টির কথা স্বীকার করেছে।
স্যামসাং জানিয়েছে, স্মার্টফোনটির ব্যাটারির এ সমস্যার সারা বিশ্বে মোট ৩৫টি রিপোর্ট পাওয়া গেছে। আর এ স্মার্টফোনটি ২৫ লাখ প্রস্তুত করা হয়েছে। তার পরেও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ স্মার্টফোনে এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা সাধারণত ১০ লাখে একটি থাকে।
এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডনাল ফিনেগান বলেন, ‘ব্যাটারি দুর্ঘটনার হার সাধারণত খুবই কম থাকে।’
তিনি আরও বলেন, ‘ব্যাটারি বিষয়ে যে কোনো দুর্ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ। আর এটি সহজেই মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে।’
বহু রিচার্জেবল ডিভাইসের মতোই স্মার্টফোনও ব্যবহার করে লিথিয়াম আয়ন সেল। এটি আগুনের ক্ষেত্রে বিপজ্জনক। এছাড়া এতে খুব ঘনভাবে এনার্জি সংরক্ষণ করা হয়। ফলে অতিরিক্ত তাপে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
অতিরিক্ত তাপ
অতিরিক্ত তাপের কারণে প্রায়ই স্মার্টফোনের ব্যাটারিতে সমস্যা হয়। এক্ষেত্রে গ্রীষ্মকালে গাড়ির মধ্যে স্মার্টফোন রাখালে, অন্য কোনো মাধ্যম থেকে স্মার্টফোন গরম হয়ে গেলে কিংবা ব্যাটারির ত্রুটির কারণে তাপ বৃদ্ধি পেয়ে দুর্ঘটনা হতে পারে।
স্মার্টফোনের ব্যাটারি দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটি ব্যাটারির চার্জ মনিটর করে। যদি কোনো কারণে চার্জ পূর্ণ হওয়ার পরেও চার্জ করা বন্ধ না হয় তাহলে তাতে দুর্ঘটনা ঘটতে পারে।
ব্যাটারির তাপ যদি কোনো কারণে ১০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাহলে তার ভেতরের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়া শুরু হয়। এতে কেমিক্যাল চেইন রিঅ্যাকশন হতে পারে এবং তাতে নিজস্ব এনার্জি নিঃস্বরিত হয়। এতে ব্যাটারি বিস্ফোরিতও হতে পারে।
দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত তাপে স্মার্টফোন রাখতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। এছাড়া স্মার্টফোন চার্জের সময় সর্বদা খোলামেলা স্থানে রাখা উচিত যেন তা অতিরিক্ত গরম হয়ে না যায়। মানসম্মত চার্জার ব্যবহার না করলেও দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। অনেকেই স্মার্টফোন বালিশের নিচে কিংবা এ ধরনের আবদ্ধ স্থানে রেখে চার্জ দেন, যা খুবই বিপজ্জনক। এ বিষয়গুলো মেনে চললে স্মার্টফোন দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *