ফরাসি ক্লাব নিসের জন্য ঝুঁকি নন বালোতেল্লি!

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডে তার জায়গা হলো না আর। স্বদেশ ইতালির কেউ ফিরিয়ে নিতে চাইলো না। তুরস্ক, স্পিন কিংবা ইউরোপের অন্য কোনো ক্লাবেও জায়গা নেই। শেষ পর্যন্ত জায়গাটা একেবারে খারাপ হয়নি। অমিত প্রতিভার খেয়ালী খেলোয়াড় মারিও বালোতেল্লিকে নিয়ে ঝুঁকি নিলো ফ্রান্সের নিস। তাও ট্রান্সফারের দরজা বন্ধ হওয়ার শেষ দিনে। বিনামূল্যে। কিন্তু বালোতেল্লির দাবি, তাকে ক্লাবে টানা নিসের জন্য ঝুঁকি না। যদিও ক্লাব প্রেসিডেন্ট সাফ বলেছেন, তারা জানেন কি ঝুঁকিটাই না নিচ্ছেন!

গেলো দুই বছরে লিভারপুলে মোটে ১৬ বার মাঠে নামতে পারা। বলার মতো কোনো পারফরম্যান্স নেই। মিলানে ফিরেও ফ্লপ। ইতালির ক্লাবটিও আগ্রহ হারিয়েছে। ২৬ বছরের বালোতেল্লি কয়েক বছর আগে ছিলেন হট কেকের মতো। আর এখন চাহিদাই নেই মাঠের বাইরের উল্টোপাল্টা কাজের সাথে মাঠের পারফরম্যান্সও তলানীতে নামায়।

তবু নিস তাকে নিল। এবং শুক্রবার ফ্রেঞ্চ মিডিয়ার সামনে তাকে উপস্থাপন করা হলো। স্বাভাবিক ভাবে উঠে এলো তাকে নিয়ে তার নতুন ক্লাবের সমর্থকদের উদ্বেগের প্রসঙ্গ। পুরোটাই তো অনিশ্চিয়তা এক! কিন্তু এতকিছুর পরও বালোতেল্লি মানেন কই! সাংবাদিকদের জোর গলাতেই এই স্ট্রাইকার বললেন, “আমার গোটা ক্যারিয়ার প্রেসে যা লেখা হয়েছে তার চেয়ে আসলে ভিন্ন। আমার কাছে মনে হয় না আমাকে নিয়ে কোনো ঝুঁকি আছে। আমার হয়তো ফিটনেসের সমস্যা ছিল আগে। কিন্তু ঝুঁকি? নাহ।” শোনা যায়, এক বছরের চুক্তিতে নিস তাকে দেবে ৩.৮ মিলিয়ন পাউন্ড।

নিসের ক্লাব প্রেসিডেন্ট জাঁ-পিয়েরে রিভেরে মনে করেন না বালোতেল্লিকে সই করিয়ে কোনো ভুল করেছেন তারা। “জানি আমরা কি ঝুঁকি নিয়েছি। কিন্তু এমনটা খুশি মনেই নেওয়া যায়-” ক্লাব প্রেসিডেন্ট বালোতেল্লিকে পাশে রেখে বললেন। ১১ সেপ্টেম্বর ফরাসি লিগে অভিষেক হতে পারে বালোতেল্লির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *