পল্লী উন্নয়ন ব্যাংকের সুপারভাইজ হত্যায় মামলা

বিডি নিউজ ৬৪: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক আদমদীঘি শাখার ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার রাতে নিহতের ভাই জহুরুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নন্দীগ্রাম উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমানসহ অজ্ঞাত বেশ কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আজ শনিবার বেলা ১০টার দিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি জানান। তিনি বলেন, হত্যকাণ্ডের পর থেকেই জিল্লুর রহমান সপরিবারে পলাতক রয়েছেন। তাই তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আব্দুর রাজ্জাক।

এর আগে শুক্রবার সকালের দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের একটি মাঠের পাশ থেকে পুলিশ রেজাউল করিমের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। তিনি বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের বামনপাড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *