কাগজপত্র পাওয়ার পরই মুরাদের লাশের ময়নাতদন্ত

বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গি মুরাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র না আসায় লাশের ময়নাতদন্ত শুরু হয়নি। দুপুর নাগাদ ময়নতদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। তিনি বলেন, আমরা এখনও কাগজপত্র হাতে পাইনি। কাগজপত্র পাওয়ার পর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা নাগাদ কাজ শুরু করবো।

এর আগে শুক্রবার রাত ২টা ২৫ মিনিটে রূপনগরের আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়ি থেকে জঙ্গি মুরাদের মরদেহ নিয়ে যায় পুলিশ। রাত ৩টা ১০ মিনিটে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পৌঁছায়। মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তিনি নিহত হন।

নিহত হওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গি মুরাদ পিস্তল হাতে গুলি করতে করতে তার আস্তানা থেকে পালানোর চেষ্টা করেন। এ ছাড়া ছুরিকাঘাত করে পুলিশের চার সদস্যকে আহত করেন তিনি। আহত পুলিশ সদস্যদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিকশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানিয়েছিলেন, মুরাদ নব্য জেএমবির ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *