সেপ্টেম্বরে দুটি নিম্নচাপের পূর্বাভাস

বিডি নিউজ ৬৪: সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। তিনি বলেন, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনা অববাহিকার প্রবাহও স্বাভাবিক থাকবে। এদিকে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ বলেন, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার এ সতর্ক সংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঊপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শও রয়েছে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালের খেঁপুপাড়ায় ৭৭ মিলিমিটার, বৃহস্পতিবার ছিল টেকনাফে ৮৭ মিলিমিটার। রোববার পর্যন্ত দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *