চাঁদপুরে তেলের লরি বিস্ফোরণ, অগ্নিদগ্ধসহ আহত ২০

বিডি নিউজ ৬৪: চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে একটি তেলের লরিতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধসহ ২০ জন আহত হয়েছে। এ ছাড়া আগুনে ঘটনাস্থলের পাশের কয়েকটি বাড়ি পুড়ে গেছে।

গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন  নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে মারাত্মক দগ্ধ ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন জানিয়েছেন, ছয়জনের শরীরের ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে। এরা হলেন নুর মোহাম্মদ (২১), মো. রায়হান (২৩), মো. মাসুদ (২৮), বাদশা মিয়া (৫০), মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের কর্মী খোকন কর্মকার (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লরি থেকে পাশের গোডাউনে তেল সরবরাহের সময় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন তেলের গোডাউনসহ আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। এর মধ্যে লরিসহ পাশের কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বেশ কিছু বাড়ি থেকে নারী ও শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া তিন তলা একটি বাড়িতে মই দিয়ে আটকেপড়াদের নিয়ে নামিয়ে আনা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ আড়াই ঘণ্টা সময় লেগেছে। তিনি জানান, আগুনে শুধু তেলের লরিই নয়, পাশের একটি তেল ও বোতলজাত গ্যাসের গোডাউন এবং কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্লাহ জানান, কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *