বাগেরহাটে হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

বিডি নিউজ ৬৪: বাগেরহাটের মোলাহাটে বাবা এবং মোরেলগঞ্জে ছোট ভাই হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক এবং অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাগেরহাট জেলার মোলাহাট উপজেলার কোদালিয়া দক্ষিণপাড়া গ্রামের আবু সাঈদ কাজীর ছেলে তুহিন কাজী এবং মোরেলগঞ্জ উপজেলার ডেওয়াতলা গ্রামের অমূল্য বৈরাগীর ছেলে ভবসিন্ধু বৈরাগী।

আদালত সূত্রে জানা যায়, মোলাহাটে বাবা হত্যার দায়ে ছেলে তুহিন কাজীকে (২৮) এবং মোরেলগঞ্জে ছোট ভাই হত্যার দায়ে বড় ভাই ভবসিন্ধু বৈরাগীকে (৩৮) এ দণ্ডাদেশ প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় তুহিন কাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তুহিন কাজী ২০১৪ সালের ৫ আগস্ট ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করে। গ্রামবাসী তুহিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের মেয়ে সুমি আক্তার বাদী হয়ে তুহিনকে আসামি করে ওই দিনই মোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মোলাহাট থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) তুহিন মন্ডল তদন্তু শেষে ছেলে তুহিন কাজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় আদালত  আসামি তুহিন কাজীকে ফাঁসির আদেশ এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
অপর মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ২০০৮ সালের ১৭ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে বড় ভাই ভবসিন্ধু বৈরাগী নিজেদের মৎস্যঘেরের পাশে ছোট ভাই অখিল বৈরাগীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। গ্রামবাসী ধাওয়া করে ভবসিন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু বৈরাগী এবং তার স্ত্রী আঁখি রানী বৈরাগীকে আসামি করে ওইদিনই মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরে মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী তদন্ত শেষে ভবসিন্ধু বৈরাগী এবং তার স্ত্রী আঁখি বৈরাগীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ভবসিন্ধু বৈরাগী আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। এই মামলায় আদালতের বিচারক ভবসিন্ধুকে ফাঁসির আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার দায় থেকে অপর আসামি আঁখি রানী বৈরাগীকে বেকসুর খালাস দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *