বিডি নিউজ ৬৪: একাত্তরের ঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির সাজা বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের থানা রোডের কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ, অ্যাডভোকেট অনিমেষ রায় প্রমুখ।
বক্তারা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে অবিলম্বে একাত্তরের জল্লাদ কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকরের দাবি জানান। এ ছাড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মুজিব সড়কে পৃথক আনন্দ মিছিল করেন। মিছিল শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে নেতারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল