বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- আমজাদ হোসেন (৪৬) ও মোঃ ফিরোজ (২৫)। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আগানগর ব্রিজঘাট এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই। এ সময় সাদা রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা নিয়ে ব্রিজঘাট থেকে দুজনকে নৌকায় উঠতে দেখে আমাদের সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে বস্তা ২টি খুলে তল্লাশি করে ৪০টি প্যাকেটে (প্রতি প্যাকেটে ১০ বোতল) ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সিনিয়ার এএসপি (হেডকোয়ার্টার) আবুল কাশেম বলেন, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল