ব্যবসায়ীদের সবরকমের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কাজ করছি : প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (২৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় রপ্তানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা বিশ্লেষণ করে বাজার খুঁজুন। নতুন বাজার খুঁজে নিজেদের বের করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কিন্তু বাজার খোঁজার উদ্যোগটা আপনাদের নিতে হবে।”

তিনি বলেন, “আমরা ব্যবসায়ের জন্য আসিনি। ব্যবসায়ীদের সবরকমের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কাজ করছি। বিশ্বে অর্থনৈতিক মন্দাটা যদি না হতো, আমাদের রপ্তানির টাকার অংকটা আরও বেশি দেখাতে পারতাম। তারপরও রপ্তানিতে যা আয় হচ্ছে, সেটা বড় কথা।”

প্রধানমন্ত্রী বলেন, “ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। আমরা নিন্ম মধ্যম আয়ের দেশ হিসেবে থাকতে চাই না।”

তিনি আরও বলেন, “২০০৭ সালে যে ইমার্জেন্সি সরকার আসে, তখন আমরা তো ভুক্তভোগী ছিলামই, ব্যবসায়ী মহলও সেই সময় অনেক সমস্যা মোকাবিলা করেছে। আমি বন্দি হওয়ার পর কারাগারে বসে থাকিনি। ওখানে বসেই নির্দিষ্ট একটি কর্মসূচি লিখে ফেলি। যদি আমরা সরকারে যাই, তাহলে কোন সালে আমরা কী করব, দেশকে কোথায় নেব, তার একটা রূপরেখা তৈরি করি। আমি যখন মুক্তি পাই, ওটার ওপর ভিত্তি করে নির্বাচনের ইশতেহার করি।”

মুক্তিযুদ্ধে বিষয়ে শেখ হাসিনা বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এ দেশের মানুষকে উন্নত জীবন দিতে। কিন্তু ১৫ আগস্টে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তারপর থেকে ২১ বছর বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মরফুহা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ বছরের জন্য সর্বমোট ১১৩টি জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ করা হয়। যার মধ্যে ৫২টি স্বর্ণ, ৩৭ রুপা, ২৪ ব্রোঞ্জ ট্রফি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *