বিডি নিউজ ৬৪: আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদে ফেরার পর এই প্রথম গোল পেলেন। কিন্তু জেদি সেল্তা ভিগোর বিপক্ষে জিততে তার গোল যথেষ্ট হলো না। চমৎকার গোল করেছেন জার্মান টনি ক্রুস। আর সেটি জয়সূচক। শনিবার রাতে সেই গোলেই স্প্যানিশ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের জয় ২-১ গোলের।
মাঝে দুই বছর জুভেন্তাসে কাটিয়ে এসেছেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ২০১২ লিগ ও ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালকে জেতাতে ভূমিকা ছিল তার। মোরাতার গোলেই লিড নেয় রিয়াল। কিন্তু রিয়ালের নিজের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সমতা এনে ফেলে অতিথি ভিগো। ফ্যাবিয়ান ওরেলানা শক্তিশালী শটে গোল করেছেন। বারে বল লাগলে সেই দল নাকি জেতে না। রিয়ালের লাগলো তিন বার। তারপরও জিতলো তারা। ত্রাণকর্তা ক্রুস। রিয়ালে তৃতীয় মৌসুম শুরু করা ক্রুসের এটি মাত্র চতুর্থ লিগ গোল।
এবারের মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল। উয়েফা সুপার কাপের খেলায় সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে তারা। এরপর রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়ে এবারের লিগ শুরু করেছে। বার্সেলোনাও লিগে প্রথম ম্যাচে জিতেছে। আজ রবিবার আথলেতিক বিলবাওয়ের সাথে খেলা তাদের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল