বিডি নিউজ ৬৪: ঢাকার অদূরে আশুলিয়ায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে লিটন ফকির (৩৮) নামের ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার ভোরে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়া বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ফকির ফরিদপুর জেলার নগরকান্দা থানার চৌশারা গ্রামের শফিক উদ্দিন ফকিরের ছেলে। তবে এই ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি বা এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) ফরহাদ হায়দার জানান, সকালে ট্রাফিক পুলিশের ওই সদস্য দায়িত্ব পালনে ভোরে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়া বাজার এলাকায় এলাকায় যান। এ সময় পিছন থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে রবিবার ভোরে আশুলিয়ার জিরানীর মাজার রোড এলাকায় ট্রাকচাপায় স্থানীয় নর্দান ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার স্টোর কিপার মশিউর রহমান (২৭) গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আশুলিয়া থানার ওসি মহাসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মশিউর রহমান রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠাপুকুর গ্রামের হামিদ মিয়ার ছেলে।
এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় রবিবার ভোররাতে ন্যাশনাল ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। পরে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল