বিডি নিউজ ৬৪: বখাটে যুবকের ছুরিকাঘাতে আহত সুরাইয়া আক্তার রিশা (১৫) নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নেন।
এর আগে বুধবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে এক বখাটে যুবক। তার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছিল। টানা চার দিন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান রিশা। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির বাংলা ভার্সনের ছাত্রী ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা সুরাইয়া আক্তার রিশা হত্যার বিচারে দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে রমনা থানা এসআই মতিউর রহমান বলেন, ”উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা রাস্তার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল