বাড্ডায় চার খুনের ঘটনায় ছয়জন গ্রেফতার

বিডি নিউজ ৬৪: রাজধানীর বাড্ডায় গত বছর ১৩ আগস্ট সরকারদলীয় চারনেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, ৬ জনকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে বাড্ডার লিংক রোডের আদর্শনগরের ওয়াসার পানির পাম্পের পাশে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ক্ষমতাসীন দলের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক মারা যান। পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান গামা মারা যান।
সর্বশেষ ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে আবদুস সালাম মারা যান।
ওই ঘটনার দুদিন পর ১৬ আগস্ট রাতে রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকা থেকে মো. ফারুক মিলন ও নূর মোহাম্মদ নামে দু’জনকে গ্রেফতার করে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *