আমাকে সবাই অশ্লীল সময়ের নায়িকা বলে, বিষয়টি ঠিক না : মুনমুন

বিডি নিউজ ৬৪: অশ্লীল সময়ের নায়িকা হিসেবে পরিচিত মুনমুন বলেছেন, আমাকে সবাই অশ্লীলতার সময়ের নায়িকা বলে থাকলেও বিষয়টি ঠিক না। আমি ২০০৩ সালে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলাম। তখন অশ্লীলতা বলে কিছু ছিল না। আমি চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার পর মূলত শুরু হয় অশ্লীলতা। আমি সংসার জীবনের জন্য অনেক দিন অভিনয় থেকে বিরত ছিলাম।

দীর্ঘদিন পর আবারও নাগিন হয়ে ফিরছেন মুনমুন। ছবির নাম ‘দুই রাজকন্যা’। এরই মধ্যে এ ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ১৯৯৬ সালে প্রয়াত গুণী নির্মাতা এহতেশামের ‘মৌমাছি’ ছবি দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করে টানা ৮০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে অধিকাংশ ছবিই সুপারহিট হয়। নিজের অভিনীত অন্যান্য ছবির পাশাপাশি সাপ নিয়ে নির্মিত কিছু ছবিতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। ‘বিষে ভরা নাগিন’, ‘বিষাক্ত নাগিন’, ‘দুই নাগিন’ ছবিগুলোতে তাকে এমন চরিত্রে দেখেছেন দর্শক।

মুনমুন বলেন, “বিরতি কাটিয়ে তিনটি ছবিতে কাজ করছি। এর মধ্যে ‘দুই রাজকন্যা’ ছবিতে একজন নাগিনের চরিত্রে অভিনয় করছি, যে নাগিনটি রাজকন্যারা বিপদে পড়লেই উদ্ধার করবে এবং তাদের আশ্রয় দেবে। ভিন্ন কিছু চরিত্রে কাজ করার চেষ্টা করছি।” এ ছবি ছাড়াও ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে একাত্তর’ ছবিতে কাজ করেছেন মুনমুন। এ ছাড়া তাজু কামরুলের নতুন একটি ছবিতে খলনায়িকারূপে দেখা যাবে তাকে। উল্লেখ্য, মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কুমারী মা’। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *