ধামরাইয়ে বিএনপি নেতার মা খুনের ঘটনায় মামলা

বিডি নিউজ ৬৪: ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতার মায়ের খুনের ঘটনায় গতকাল শুক্রবার অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ছেলে ফটোমিয়া মামলাটি দায়ের করেন।

এদিকে, হাসপাতালে আইসিইউতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত বাবার। খুনের ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের মেয়ের ঘরের নাতি জুয়েল হোসেনকে আটক করা হলেও তার কাছ থেকে কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

বুধবার রাতে সূতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউপি সদস্য এবং বালিথা গ্রামের ফটোমিয়ার বাবা ফালুজ উদ্দিন বেপারী (৯০) ও তাঁর মা রজ্জভানুকে (৭৯) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান রজ্জভানু। তার লাশ ওই ঘরের ছাদে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় ফালুজ উদ্দিনের পেটে ও গলায় ছুরিকাঘাত করা হয়। ফালুজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় গত বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়।

নিহতের ছোট ছেলে রফিকুল ইসলাম নপু গতকাল শুক্রবার রাত ৯টার দিকে জানান, তার বাবার এখনো জ্ঞান ফেরেনি। তার বাবার শরীরে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এদিকে, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, “যাকে (জুয়েল হোসেন) জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে আপাতত বলা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *