ডিমলায় শিশুর গলাকাটা লাশ; তিস্তা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডিমলায় চার বছরের শিশুর গলাকাটা লাশ ও তিস্তা নদী থেকে এক কৃষকের লাশ উদ্বার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন একটি বাঁশঝাড়ের গর্ত থেকে শিশু সুখোমণির(৪) গলাকাটা লাশ উদ্ধার করে বৃস্পতিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সে ওই গ্রামের ইনছান আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  বুধবার সকালে বাড়ির পাশের খেলার মাঠ থেকে নিখোঁজ হয় শিশু সুখোমণি। এরপর তাকে না পেয়ে খোঁজার জন্য স্থানীয় মসজিদের মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করে উদ্ধারে এলাকাবাসীর সহযোগীতা চাওয়া হয়। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে রাত ১০টার দিকে ওই বঁশঝাড়ে শিশুর গলাকাটা লাশ দেখতে পায় লোকজন। পুলিশে খবর দিলে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে। তবে তাকে হত্যার সঠিক কারণ কেউ জানাতে পারেনি।

অপরদিকে আজ বৃহস্পতিবার সকালে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা বাজার সংলগ্ন এলাকায় তিস্তা নদী থেকে কৃষক তসলিম উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। সে গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার দুপুরে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয় তসলিম উদ্দিন। কথা ছিল ঘাসকাটা শেষে নদীতে মাছ ধরে বাড়িতে ফিরবেন তিনি। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুজির করে বৃহস্পতিবার সকালে নদীতে লাশ দেখতে পায়। এরপর পুলিশ এসে ওই নদী থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, পানিতে ডুবে তসলিম উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শিশু সুখোমণির গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুখোমণি হত্যার তদন্ত চলছে, এখনো হত্যার কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *