বিডি নিউজ ৬৪: খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মানিকছড়ির ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কমলাপতি ত্রিপুরা (৫৫)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়া বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তার নাম তাৎক্ষণিক জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে বাটনাতলী থেকে নেপচুন চা বাগানগামী চাঁদের গাড়ী (ঢাকা-ঘ-৮৯৮৩) উপজেলার সুদুরখীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. হুমায়ুন রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে মানিকছড়ির ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কমলাপতি ত্রিপুরা (৫৫) নিহত হন। দুর্ঘটনায় আহত অপর ২৩ জনকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হলে পথে একজন মারা যান। আহতরা সকলে নেপচুন চা-বাগানের শ্রমিক বলে জানা গেছে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা সরকার জানান, শ্রমিক কর্মস্থলে আনা-নেওয়ার ক্ষেত্রে চা বাগান মালিক পক্ষের কোনো ত্রুটি ছিল না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকছড়ি থানার ওসি আবদুর রকিব জানান, নিহত কিংবা আহতদের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল