যারা জঙ্গিদের মদদ দিচ্ছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে : শাজাহান খান

বিডি নিউজ ৬৪: জঙ্গিদের হত্যা করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। তাই তাদের দর্শনকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘অ্যাসোসিয়েশন ফর ল রিচার্স অ্যান্ড হিউম্যান রাইটস’ আয়োজিত এ সভায় নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানে জঙ্গিরা আল্লাহু আকবর বলে মানুষকে জবাই করেছে। কিন্তু আইএস তো শিরোচ্ছেদ করে। আর এই থেকে প্রমাণিত হয় জামায়াত-শিবিরই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যারা জঙ্গিদের মদদ দিচ্ছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে।’
গণমাধ্যমের উদ্দেশে তিনি আরও বলেন, ‘গণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম। আর ধর্মে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনও স্থান নেই তা গণমাধ্যমকেই তুলে ধরতে হবে। আমি জানি সাংবাদিকদের একটি নীতি আছে। তাই বলতে চাই, অতীতের পেট্রোল বোমা হামলার মতো কোনও ঘটনার আগাম সংবাদ আপনারা পেলে আমাদের জানাবেন।’
জঙ্গিদের বাঁচাতে বিএনপি অন্ধকারে পথ খুঁজছে উল্লেখ করে শাহজাহান খান বলেন, ‘বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য হবে না। কারণ তাদের সঙ্গে জাতি নেই। কারণ খালেদা জিয়া মানসিক, সামাজিক, ধর্মীয় ও গণতান্ত্রিক মূল্যবোধকে বিসর্জন দিয়েছেন।’
শাজাহান খান বলেন, ‘২০১৫ সালে দেশের সুশীল সমাজ যে সংলাপের কথা বলেছিল সেখানে তাদের অসৎ উদ্দেশ্য ছিল। আর এখন বারবার তারা জাতীয় ঐক্যের কথা বলছে। অথচ জাতীয় ঐক্য আগেই হয়ে গেছে।’
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *