প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে ১ নম্বর পাকিস্তান

বিডি নিউজ ৬৪: ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ টেস্টটা বৃষ্টিতে ভেসে গেল। ড্র করল ভারত। সেই সাথে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের ১ নম্বর হয়ে গেল। ভারতকে জায়গা ছেড়ে চলে যেতে হলো দুই নম্বরে। গত সপ্তাহেই অস্ট্রেলিয়াকে সরিয়ে ১ নম্বরে এসেছিল ভারত। তখন শ্রীলঙ্কার কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়ে ২ নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়া এবার গেল ৩ নম্বরে।

২০০৩ সালে প্রথম টেস্টের বিশ্ব র‌্যাংকিং করা শুরু হয়। সেই থেকে ভারত একাধিকবার শীর্ষে উঠলেও পাকিস্তান কখনও ১ নম্বর হতে পারেনি। ২০০৯ সাল থেকে তো নিজেদের দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগও নেই তাদের। ভারত পিছিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা ৪ ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছে।

এখন ইংল্যান্ড সফরে পাকিস্তান। সেখানে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ ২-২ এ ড্র করেছে। আইসিসির বিশ্ব র‌্যাংকিংয়ের ১ নম্বর হওয়া পঞ্চম দল তারা। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক বলেছেন, “১ নম্বরে যাওয়ার আনন্দের সাথে আর কিছুর তুলনা হয় না। ক্রিকেটাররা এটাই অর্জনের জন্য খেলে। আমাদের জন্য র‌্যাংকিংয়ের ১ নম্বর হওয়াটাই মূল গন্তব্য না, এটা আমাদের যাত্রার অংশ।” পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। ভারতের ১১০। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ১০৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *