সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার: শিক্ষামন্ত্রী

বিডি নিউজ ৬৪: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষা’কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষা-বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় গত সাড়ে সাত বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রশংসনীয় অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। আজ শনিবার ঢাকায় ইডেন মহিলা কলেজ মিলনায়তনে শিক্ষা, গবেষণা ও কল্যাণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের শিক্ষক সমাজ। শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে দেশব্যাপী পরিচালিত শিক্ষা-সক্রান্ত সকল কর্মসূচির সাফল্য নির্ভর করছে শিক্ষকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার ওপর।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের মান-মর্যাদা ও স্বার্থকে সব সময় গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষকগণ তাঁদের ওপর অর্পিত মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষা, গবেষণা ও কল্যাণ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক এম আনিসুজ্জামান, ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়ন’র সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খন্দকার শওকত হোসেন, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক গায়ত্রী চ্যাটার্জী, সাবেক অধ্যক্ষ অধ্যাপক রওশন জাহান এবং শিক্ষা, গবেষণা ও কল্যাণ কেন্দ্রের উপদেষ্টা কে ইউ জোহরা জেসমিন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষা, গবেষণা ও কল্যাণ কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত ‘শিক্ষা প্রকাশ’ শীর্ষক প্রকাশনার ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *