বাড্ডায় গ্রেপ্তার ১৮ জামায়াত নেতাকর্মীর রিমান্ড আবেদন

বিডি নিউজ ৬৪: রাজধানীর বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেফতার করা জামায়াতের ১৮ নেতাকর্মীকে রিমান্ডে নেয়ার জন্য ১০ দিনের আবেদন করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন বাড্ডা থানার এসআই মেহেদী মাকসুদ। মামলাটি ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেয়ার জন্য ১০ দিনের আবেদন করা হয়েছে।  দুপুরেই তাদেরকে ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। রিমান্ড শুনানির পরই নিশ্চিত হওয়া যাবে আদালত কয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে বাড্ডার মেরুল ভিআইপি প্রজেক্টের ৮ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে ভাইস-প্রিন্সিপাল ও বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহসহ ১৮ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রফতার করা হয়। ওই স্কুলের অধ্যক্ষ হলেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী। এই স্কুলের গুলশানেও একটি শাখা রয়েছে। তিনি ওই দুই স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *