বিডি নিউজ ৬৪: ফেনীর সোনাগাজীতে ধর্ষণের ভিডিও ধারণের ঘটনার বর্ণনা দিলেন নির্যাতিত সেই মাদ্রাসাছাত্রী। বৃহস্পতিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক বদিউল আলমের কাছে নির্যাতিতা ওই ছাত্রী জবানবন্দি দেন। সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, বখাটে-ধর্ষণকারী ওমর ফারুককে গ্রেপ্তার ও ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ‘মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বখাটের পক্ষ নেওয়া স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম নির্যাতিতা ও তার মাকে রাতেই থানায় নিয়ে যান। নির্যাতিতার মা বাদী হয়ে বখাটে ওমর ফারুককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
এদিকে, বুধবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়। চিকিৎসকরা ধর্ষণের আলামত পেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ফেনীর সোনাগাজী চর গোপালগাঁও গ্রামের মো. মোস্তফার ছেলে ওমর ফারুক দীর্ঘদিন একই এলাকার এক প্রবাসীর মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। কিছুদিন আগে মেয়েটিকে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ওমর। ঘটনাটি কাউকে না জানাতে ভিডিও প্রকাশসহ নানা ধরনের হুমকি-ধমকি দেয় সে। পরে ওই দিন রাতেই মেয়েটির মায়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে ওমর। এ ঘটনার পর নির্যাতিতা শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল