বিডি নিউজ ৬৪: রাজধানীর মতিঝিল থানার নাশকতার একটি মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত মামলার চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় এ পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, গত বছর ফেব্রুয়ারি মাসে মামলাটি করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার আরেক মামলায় সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।
পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
সূত্র বলেছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা এলাকায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মুগদা থানার পুলিশ ওই মামলা করে। গত বছর ৮ জুলাই মুগদা থানার পুলিশ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল