বিডি নিউজ ৬৪: আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন। গত ৩ এপ্রিল সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় গত ৯ জুন। ১১ থেকে ২০ জুন পর্যন্ত নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা। দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ পরীক্ষার্থী।
শিক্ষা সচিব সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকবেন সব শিক্ষাবোর্ড চেয়ারম্যান। পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সারাদেশে ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হয় ২ হাজার ৪৫২টি কেন্দ্রে। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নেয় ২৬২ জন পরীক্ষার্থী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল