ক্ষেতলালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ

বিডি নিউজ ৬৪: জয়পুরহাটের ক্ষেতলালে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রাম সেটও বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মো. আব্দুর রহিম এসব উপকরণ বিতরণ করেন।

জেলা প্রশাসক বলেন, “প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতার মনোভাব নিয়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বিত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র পরিবারের এসব প্রতিবন্ধীরা পরিবার ও সমাজের কাছে বোঝা হবে না। অনেক ক্ষেত্রে তারা স্বাবলম্বী হয়ে উঠবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেদেনা আখতার প্রমুখ।

অনুষ্ঠানে ১৬টি হুইল চেয়ার, ৩১টি সাদা ছড়ি, ছয়টি ড্রাম সেট ও সব প্রতিবন্ধীদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *