শফিক রেহমানের মুক্তি চায় সাংবাদিকদের আন্তর্জাতিক জোট

বিডি নিউজ ৬৪: সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক জোট বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানকে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। রেপ্রিভ নামক এই জোটটি বাংলাদেশের আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের কাছে এ নিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা সংক্রান্ত মামলায় শফিক রেহমান এখন কারাগারে অন্তরীণ রয়েছেন।

ইনডেক্স অন সেন্সরশিপ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস, পেন আমেরিকা প্রভৃতি সংগঠন রেপ্রিভ জোটের অংশ। চিঠিতে বলা হয়েছে, গ্রেফতার হওয়ার পর তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও শফিক রেহমানের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। চিঠিতে আরও বলা হয়, আটকের পর প্রথম সপ্তাহে তাকে নির্জন কারাবাসে রাখা হয় যেখানে কোন ঘুমানোর বিছানাও দেয়া হয়নি। তিনি এক বয়োবৃদ্ধ ব্যক্তি, যার স্বাস্থ্য নিয়ে তার পরিবার খুবই উদ্বেগের মধ্যে রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ১৭ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ শফিক রেহমানকে উচ্চ আদালতে আপিলের অনুমতি দেন। একই সঙ্গে শফিক রেহমানের প্রয়োজনীয় চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের ১৬ এপ্রিল গোয়েন্দা পুলিশ ঢাকায় ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা-চেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *