বিডি নিউজ ৬৪: অফিস তো নয় যেন সাপের কারখানা। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন কার্যত পরিণত হয়েছে সাপের আঁতুড়ঘরে। গত এক মাস ধরে জেলা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর থেকে প্রায়দিন ধরা পড়ছে ছোটো-বড় নানা সাপ । তাও আবার যে সে সাপ নয় একেবারে গোখরো। সর্পাতঙ্কে সরকারি কাজ শিকেয় উঠতে বসেছে বলে অভিযোগ।
গতকাল রাতে ফের পাঁচটি সাপ ধরা পড়ে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন থেকে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা খবর পেয়ে প্রশাসনিক ভবনের নিচের তলার ত্রাণ মজুত কেন্দ্র ও ট্রেজ়ারি থেকে ওই সাপগুলি উদ্ধার করেন। পাঁচটি সাপের মধ্যে দুটি বড় বাকি তিনটি ছোট। সাপগুলিকে বালুরঘাট ব্লকের ডাঙা ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানান।
জেলা প্রশাসনিক ভবনে যত্রতত্র সাপ বের হওয়ার ঘটনায় বিগত এক মাস ধরে চরম আতঙ্কে রয়েছেন কর্মীরা। শেষ এক মাসে প্রায় ১৭টি সাপ ধরা পরেছে প্রশাসনিক ভবন থেকে। সাপ ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)অগাস্টিন লেপচা।জেলাশাসক সঞ্জয় বোস জানান, সাপ ধরার জন্য স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ দেখতে পেলেই জানিয়ে দেওয়া হয় তাদের। জেলা শাসকের দাবি, একদিকে বর্ষাকাল অন্যদিকে নিচেরতলায় যত্রতত্র নানা জিনিসপত্র গুদামজাত থাকায় বাসা বাঁধছে সাপ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল