কেরানীগঞ্জে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিডি নিউজ ৬৪: বিআইডাব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে অভিযান শুরু  হয়ে বিকেল ৩টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এর আগে গতকাল  সোমবার প্রথম দফায় অভিযান চালিয়ে ৩৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোণ্ডা ইউনিয়নের পানগাঁও কন্টেইনার পোর্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এ সময় আরো  উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ যুগ্ম পরিচালক গুলজার আলী। তিনি  বলেন, “আজ দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী সপ্তাহে হাসনাবাদ ইকুরিয়া এলাকা থেকে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে।”

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জানান, পানগাঁও কন্টেইনার পোর্ট এলাকায় সড়কের দুই পাশে সরকার ভূমি অধিগ্রহণ করে নিলেও দখলদাররা সে ভূমির দখল ছাড়ছে না। আজ দ্বিতীয় দিনের অভিযানে প্রায় ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে গতকাল ৩৭টি পাকা, আধাপাকা, ছাপড়া এবং টং ঘর উচ্ছেদ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *