বিডি নিউজ ৬৪: শেরপুরে চাঞ্চল্যকর শিশু আরাফাত ইসলাম রাহাত হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। স্কুলছাত্র রাহাত হত্যার বর্ষপূর্তিতে গতকাল সোমবার রাতে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ‘রাহাত হত্যা ও শিশু নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচী জেলা সেক্রেটারি এসএম আবু হান্নান, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা।
তা ছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২ আগষ্ট শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপর দাবি করে আপন খালু আব্দুল লতিফ ও তার তিন সহযোগী আসলাম বাবু, রবিন মিয়া ও ইমরান হোসেন। এরপরে শিশুটিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি পাহাড়ি টিলায় নিয়ে গলাটিপে হত্যা করে লাশটি গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়। পরে অপহরণের ৬ দিন পর গত বছরের ৮ আগস্ট ওই পাহাড়ি টিলার জঙ্গল থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহাতের বাবার দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত ২৯ মে তিন আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। এদিকে সাজাপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল