সাম্বার তালে বোল্টের রসিকতা ও হুঙ্কার

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিকে উসাইন বোল্টের প্রথম সংবাদ সম্মেলন। সেটি একটু ব্যতিক্রমী না হলে চলে? ব্রাজিলের ঐতিহ্যের সাথে মিশে আছে সাম্বা নাচ। বোল্টের সংবাদ সম্মেলনেও তাই হাজির অর্ধ নগ্ন সব সাম্বা নৃত্যশিল্পী। তাদের সাথে খুব নাচলেন বোল্ট। উপভোগ করলেন পুরোটা। উপভোগ করতে বললেন সবাইকে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথেও মেতে উঠলেন কৌতুকে। আর জ্যামাইকান বিদ্যুতের পরিচিত হুঙ্কার তো শুনবেই সবাই।

২৯ বছরের বোল্ট বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার। ইতিহাসের দ্রুততম দৌড়বিদ। গত দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলের সোনা তার। ব্যক্তিগত ইভেন্ট দুটির বিশ্ব রেকর্ডের মালিক তিনি। এবার টার্গেট নিজের শেষ অলিম্পিকে টানা তিনটি অলিম্পিকে তিনটি করে সোনা জেতার ‘ট্রেবল’ গড়া।

কিন্তু তার আগে নাচতে নাচতে উন্মাতাল বোল্টের মনে হলো, “আপনাদের তো আরো জোরে হাততালি দিতে হবে। জোরে হচ্ছে না।” রিওতে উপস্থিত সাংবাদিকদের বলেন বোল্ট। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় থিয়েটার সিদাদে দেস আর্তেসের নর্তকীদের সাথে নাচছিলেন বোল্ট। গ্রেটেস্ট শোম্যান বললেন, “আমি উপভোগ করতে ভালোবাসি। এটাই দেখতে আসে মানুষ। আমি বিনোদন দিতে চেষ্টা করি। একটু ব্যতিক্রম করি। আমি এমনই।”

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা পরিসংখ্যান উপাত্ত নিয়ে কতো কথা বলেন। কিন্তু রিওতে বোল্টের প্রথম সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নটাই আসলে বুঝিয়ে দিলে এই স্প্রিন্টারের আবেদন। নরওয়ের এক সাংবাদিক উঠে বললেন, “আপনার কাছে আমার আসলে কোনো প্রশ্ন নেই। শুধু বলতে চাই, সত্যি আপনাকে খুব ভালোবাসি।”

এই কথায় বোঝা যায়, স্প্রিন্ট থেকে বোল্টের বিদায় কতটা শূন্য করে দিতে পারে বিশ্ব অ্যাথলেটিক্সকে। এবারের অলিম্পিক তার শেষ। মনে করিয়ে দিয়ে বোল্ট প্রতিদ্বন্দ্বীদের জন্য হুমকিটাও রাখলেন, “নিশ্চিত ভাবেই এটা শেষ। অনেক করেছি। বারবার নিজেকে প্রমাণ করেছি। এটাই শেষ। জীবনে কোনোকিছুই নিশ্চিত না। কিন্তু আমি যখনই নেমেছি ওসব নিয়ে ভাবিনি মোটে।” আগামী বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন বোল্ট। দেখা যাক তার আগে কোন কোন ইতিহাস গড়ে যান লাতিন আমেরিকার প্রথম অলিম্পিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *