বিডি নিউজ ৬৪: অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সংগীতাঙ্গনে দাপটের সঙ্গে গান করছেন সৈয়দ আব্দুল হাদী। তার বর্ণাঢ্য সংগীতজীবন সাফল্যের পালকে মোড়া। নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছেন তিনি। এবার গুণী এই শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন ধরা পড়েছে ক্যামেরায়। অচিরেই আলোর মুখ দেখছে সৈয়দ আব্দুল হাদীর জীবন নির্ভর প্রামাণ্যচিত্র।
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘এর আগে অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। রাজি হইনি। কারণ আমি মনে করি প্রামাণ্যচিত্র হওয়ার মতো যোগ্যতা আমার হয়নি। বাংলাঢোল আমার ৪৫টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে। এরই অংশ হিসেবে প্রামাণ্যচিত্রটিও ওরা তৈরি করেছে। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি সন্তুষ্ট। সাদাত হোসাইন বেশ অান্তরিকতার সঙ্গে যত্ন নিয়ে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন।’
৩৫ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। নির্মাতা সাদাত হোসাইন বলেন, ‘প্রামাণ্যচিত্রটিতে কিংবদন্তি এই শিল্পীর অনেক অজানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে মনেই হয়নি একজন বয়সী কিংবা কিংবদন্তির সঙ্গে আছি। তিনি সত্যি অসাধারণ একজন মানুষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
বাংলাঢোলের প্রযোজনায় তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। একই ব্যানারে চারটি পৃথক অ্যালবামে প্রকাশ করা হচ্ছে শিল্পীর প্রচলিত-অপ্রচলিত ৪৫টি গান। গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে আগামী ১০ আগস্ট। ঢাকা ক্লাবে এদিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা উপভোগ করবেন প্রামাণ্যচিত্রটি। পরে এটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে বাংলাফ্লিক্স (banglaflix.com.bd) নামক ভিডিও চ্যানেলে। অডিও ভার্সন শোনা যাবে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল