ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ রোজারিও!

বিডি নিউজ ৬৪: শক্তির দিক দিয়ে যোজন যোজন পিছিয়ে থাকা যুদ্ধবিধ্বস্ত ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ রোজারিও মিচেল। প্রথম ম্যাচে দুয়োধ্বনির পর আজকের ম্যাচশেষেও দর্শকদের ধিক্কার কুড়িয়েছেন ব্রাজিল কোচ! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর নেইমার “এই ড্র হারের সমান” বলে মন্তব্য করেছিলেন। আজ তিনিও নিশ্চুপ। তাই হয়তো সমস্ত দায়ভার নিয়ে সরব হলেন কোচ।

চরম অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত ব্রাজিলে এমনিতেই রিও অলিম্পিক নিয়ে রাজনীতির অঙ্গন রীতিমতো উত্তপ্ত। গোটা দেশই এই অলিম্পিক আয়োজনের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত। এমন একটা পরিস্থিতিতে ফুটবলের সাফল্যই কেবল পারে ব্রাজিলের মানুষের মন থেকে সব খেদ দূরে ঠেলতে। তবে ব্রাজিল কোচের ক্ষমা চাওয়া মানে কি রণে ভঙ্গ দেওয়া? মোটেও তা নয়। কোচ রোজারিও ক্ষমা চেয়েছেন ফুটবলপাগল দর্শকদের প্রত্যাশা মেটাতে না পারার জন্যই।

তিনি বলেছেন’ “আমরা ইরাকের বিপক্ষে নিজেদের খেলাটাই খেলতে পারিনি। আজকে দর্শকেরা আমাদের জন্য বিপুল সমর্থন নিয়ে মাঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা কেবল দুয়োই শুনেছি। আমরা যেহেতু তাদের প্রত্যাশার প্রতিদান দিতে পারিনি, তাই তাদের কাছে ক্ষমাই চাইছি ।”

বিশ্ব ফুটবলের পরাশক্তি, সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল একবারের জন্যও অলিম্পিক ফুটবলে সোনা জিততে পারেনি। এবারই মোক্ষম সুযোগ—এমনটাই মনে করা হচ্ছিল। ঘরের মাঠ, চেনা দর্শক। কিন্তু দর্শকদের ক্ষুব্ধ এবং নিরাশ করে অলিম্পিকের লড়াই থেকে বিদায়ের মুখে নেইমার বাহিনী। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারাতে না পারলে হয়তো গ্রুপ পর্বেই বাদ পড়তে হবে নেইমারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *