গলাচিপায় বিএনপি প্রার্থীর ভোটবর্জন

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করাসহ ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবু তালেব মিয়া। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষাণা দেন তিনি। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ১৪৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে ৭০২৭ জন পুরুষ ও ৭৩৩৪ জন নারী ভোটার রয়েছেন।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে র‌্যাব পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের দায়িত্ব পালন করছেন। তবে গত দুই দিনে পুলিশ ও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করায় অধিকাংশ কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আবু তালেব মিয়ার ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট নেই।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা মো. আব্দুল মান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকালে ভোটগ্রহণের আগে বিএনপির পাঁচজন এজেন্ট তাদের আইডি কার্ড নিয়েছেন। তবে তারা এখন কোথায় তা আমি জানি না। ওই নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটকেন্দ্ররই একই অবস্থা। তবে নির্বাচনসংশ্লিষ্টরা বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

গলাচিপা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির বলেন, নির্বাচনে জালিয়াতির কোনো অভিযোগ আমার কাছে আসেনি। এ ধরনের অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি প্রার্থীর ভোটবর্জন বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *