বিডি নিউজ ৬৪: উন্নত খাদ্য মজুদকরণের মাধ্যমে দুর্যোগের সময় পর্যাপ্ত জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে দুর্যোগপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব সাইলো প্রস্তুত ও বিতরণের জন্য খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। খাদ্য অধিদপ্তরের পক্ষে ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্পের পরিচালক মো. গাজীউর রহমান এবং মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠান পরিচালক মো. এরফান সেলিম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্পের পরিচালক মো. গাজীউর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঘনঘন ঘূর্ণিঝড়, বন্যা ও খরা দেখা দিচ্ছে। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তার ক্ষেত্রে ক্রমর্বধমান চাপ সৃষ্টি হচ্ছে। তাই উন্নত খাদ্য মজুদকরণের মাধ্যমে দুর্যোগের সময় পর্যাপ্ত জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য সরকার ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে ২ হাজার কোটি টাকা দিচ্ছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।
তিনি বলেন, ‘প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে দুর্যোগোত্তর জরুরি প্রয়োজন মিটানোর জন্য সরকারি এবং পারিবারিক পর্যায়ে কার্যকর খাদ্যশস্য মজুদ ব্যবস্থা গড়ে তোলা। এজন্য প্রায় ৫ লাখ ৩৫ হাজার টন খাদ্যশস্য ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক গুদাম গড়ে তোলা হবে। এছাড়া পারিবারিক পর্যায়ে দুর্যোগপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, খাদ্য সচিব এ.এম বদরুদ্দোজা, বিশ্বব্যাংক গ্রুপের টাস্ক টিম লিডার ম্যানিয়েভেল সেন প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল