বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় এক এলাকায় শনিবার আকাশ থেকে মাটিতে ছিটকে পড়ে দুই স্কাইডাইভার নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তদন্ত কর্মকর্তাদের ধারণা, সময়মত প্যারাস্যুট না খোলার কারণে তারা মারা গেছেন।
এ সম্পর্কে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোয়াকুইন কাউন্টির ডেপুটি শেরিফ লেস গার্সিয়া বলেন, শনিবার এক প্রত্যক্ষদর্শীর টেলিফোন পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই অজ্ঞাতনামা ব্যক্তিটি প্যারাস্যুট ছাড়া ওই দুজনকে নিচে পড়তে দেখেই শরিফের কার্যালয়ে খবর দেয়। পরে পুলিশ এসে ক্যালিফোর্নিয়ার সেন্টার ভ্যালির লোডি শহরের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কর্তৃপক্ষ মৃতদেহ দুটি সনাক্ত করার চেষ্টা করছেন। তবে ডেপুটি শেরিফ গার্সিয়া জানিয়েছেন, নিহত দুই স্কাইডাইভারই পুরুষ এবং তাদের বয়স বিশের কোঠায়।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্যারাস্যুট সেন্টার হিসেবে খ্যাত ক্যালিফোর্নিয়ার সেন্টার ভ্যালি থেকে শনিবার লাফ দিয়েছিলেন ওই দুইজন। কিন্তু তাদের প্যারাস্যুট কাজ না করায় তারা আকাশে ভেসে থাকতে ব্যর্থ হন। ফলে নিচে পড়ে মারা যান।
ক্যালিফোর্নিয়ার ওই ড্রপ জোনটি ১৯৬৪ সাল থেকে নিয়মিত স্কাইডাইভিংয়ের আয়োজন করছে। এখানে প্রশিক্ষকের সঙ্গে ১৩ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে পড়ার জন্য একজন স্কাইডাইভারকে ১শ ডলার ফি দিতে হয়। তবে সেন্টার ভ্যালি ড্রপ জোনে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত মে মাসে ১৭ স্কাইডাইভারকে বহনকারী একটি ছোট বিমান পাহাড়ের গায়ে জরুরি অবতরণ করেছিল। এতে তখন বেশ কয়েকজন আহত হয়েছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে প্যারাস্যুট সংক্রান্ত জটিলতায় আরো এক স্কাইডাইভার প্রাণ হারিয়েছিলেন।
তবে শনিবারের ওই দুর্ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই প্যারাসুট সেন্টারের মালিক বিল ডাওস।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল