বিডি নিউজ ৬৪: সিনেমা মুক্তির জন্য যেকোনো উপলক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপমহাদেশে ঈদ, পূজা এইদিনগুলো গুরুত্বপূর্ণ। আর এই দিনগুলো সাধারণত তারকাদের সিনেমা মুক্তির জন্যই বরাদ্ধ থাকে। এবারও যেন হচ্ছে না তার ব্যতিক্রম!
গত ঈদুল ফিতরে সুপারস্টার সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘সুলতান’ মুক্তির পর এবার আসছে সেপ্টেম্বরে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে সালমানের ছোট ভাই সোহেল খানের সিনেমা ‘ফ্রিকি আলি’! আর এই সিনেমা নিয়ে এরইমধ্যে প্রচারণায় নেমে গেছেন সালমান। তবে এরমধ্য দিয়ে আরো একটি বিষয় এবারই প্রথম দেখা যাচ্ছে যে, এই ছবিতে সালমানের তিন ভাইয়েরই সম্পৃক্ততা আছে!
কিভাবে? বলছি, কারণ ‘ফ্রিকি আলি’ ছবিটি প্রযোজনা করছেন সালমান নিজেই। মানে তার এসকে মুভিজ থেকে ছবিটি রিলিজ দেয়া হচ্ছে। আর এই ছবিটি পরিচালনা করেছেন সালমানের ছোট ভাই সোহেল খান। আর একই ছবিতে অভিনয় করতে দেখা গেছে তার আরেক ছোট ভাই আরবাজ খানকে!
৬ আগস্ট সোশাল সাইটে ‘ফ্রিকে আলি’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেন সালমান। টুইটার ও ফেসবুকে সালমান ঘোষণা দিয়ে জানান, আসছে ঈদুল আযহা উপলক্ষ্যে ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ফ্রিকি আলি’।শুধু ঘোষণায় নয়, ছবির একাধিক পোস্টারও রিলিজ দেন তিনি।
অন্যদিকে এই ছবির প্রধান চরিত্র বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্কিী। ভারতের সর্বকালের সেরা সিনেমাগুলোর মধ্যে জায়গা পেয়েছে তার অভিনীত সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’। ক্যারিয়ারে প্রশংসিত হয়েছে তার ‘মাঝি দ্য মাউন্টেনম্যান’ ছবিটিও। কিন্তু তারপরেও বলিউডের মূল ধারা সিনেমায় বেশ আগ্রহী নওয়াজ। সুপারস্টার সালমানের সাথে ‘কিক’ সিনেমায় বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিলেন নওয়াজ। এরপর গেল বছরে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এও সালমানের সঙ্গে দুর্দান্ত দেখিয়েছেন নওয়াজ। যার ফলশ্রতিতেই নওয়াজের আসন্ন সিনেমায় একটি গান গাইবেন সালমান খান।
এরইমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। এই ছবিতে নওয়াজের বিপরীতে প্রথমবার দেখা যাবে ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল