বিডি নিউজ ৬৪: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পাকিস্তান সফর ঘিরে একের পর এক ইস্যু হয়েই চলেছে। এবার তার সঙ্গে যুক্ত হল আমেরিকার পাকিস্তানে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে করা নির্দেশ জারি করা।
পাকিস্তান যদি দ্রুত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তা হলে সেইদিন আর দূরে নেই, যখন পাকিস্তানকে ক্রমশ জঙ্গিপনার স্বর্গরাজ্যে পরিণত করবে সন্ত্রাসবাদীরা এবং তা পাকিস্তানের নিজেদের পক্ষে যেমন ভয়ঙ্কর, তেমনি আশপাশের দেশগুলির ক্ষতি হবে— এবার এভাবেই জঙ্গি দমন প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি স্পোকসম্যান অফ দ্যা স্টেট ডিপার্টমেন্ট মার্ক টোনার।
সার্ক সম্মেলন থেকে রাজনাথ সিংয়ের কড়া বার্তার পর ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। জঙ্গি দমন নিয়ে ওয়াশিংটনের ওই বার্তার পর এমনই মনে করছে কূটনৈতিক মহল।
সার্ক সম্মেলন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতি নিয়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। ভারতের মন্ত্রী যাতে কোনোভাবেই পাকিস্তানে হাজির না হতে পারেন, তার জন্য জামাত-উদ-দাওয়া, হিজবুল মুজাহিদিনের মত জঙ্গি সংগঠনগুলি প্রকাশ্যে বিক্ষোভ শুরু করে।
এমনকি রাজনাথ সিংয়ের হাজিরা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ, হিজবুল জঙ্গি সংগঠনের প্রধান সইদ সালাউদ্দিনের মত নেতারা, যা নিয়ে জঙ্গি দমনের পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
পাশপাশি সার্ক সম্মেলনে রাজনাথের বক্তৃতার সময় পুরো ব্ল্যাকড আউট করে দেয় পাকিস্তান। কোনো সংবাদমাধ্যমকে ঢুকতে দেয়া হয়নি সেখানে। কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে কড়া অবস্থা নেন রাজনাথ। নাম না করেই খোঁচা দেন পাকিস্তানকে। বলেন, জঙ্গিদের কখনওই শহীদের মর্যাদা দেয়া উচিত নয়।
রাজনাথের ওই বার্তার পরই জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার তরফে স্পষ্ট বলা হয়েছে, যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের আনাচে-কানাচে বসে প্রতিবেশি দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে নিতে হবে কড়া ব্যবস্থা।
তারা আরও জানিয়েছে, পাকিস্তান যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তা নয়। কিন্তু এখন আর বেছে বেছে কিছু সংগঠন বা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে চলবে না। সমূলে জঙ্গিদের সে দেশ থেকে উৎখাত করতে হবে বলেও স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল