বিডি নিউজ ৬৪: জেলার বড়ফা গ্রামের নয়ন শেখ (৩০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে মধুমতি নদীর চরে ফেলে রেখে যায় তারা।
শুক্রবার সকালে ওই চরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১১টায় সেখান থেকে পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা চরপাড়া গ্রামের আব্দুল আলি শেখের ছেলে। তিনি ঘেনাশুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে প্রতিবেশী হুমায়ুন শেখের ছেলে শিশুর সঙ্গে নিহত নয়ন শেখের মেয়ে শিশুর খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধ চরমে পৌঁছে। এ ঘটনার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
পরিবারের লোকজন জানায়, এশার নামাজের পর ওই ব্যবসায়ী ঘর থেকে বাইরে বেরিয়ে আর ফিরে আসেনি। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এলাকায় পূর্ব শত্রুতার কারণে তাকে প্রতিপক্ষ হত্যা করতে পারে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। লাশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল