বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আযহার আলী। তাতে বার্মিংহাম টেস্টে নেতৃত্ব দিচ্ছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২৫৭ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৭ রানে অল আউট হয়ে যায়। ফলে পাকিস্তান এখন ৪০ রানে পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে সাত উইকেট।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু দলীয় রানের খাতা খোলার আগে প্রথম উইকেট হারায় তারা। অ্যান্ডারসনের চতুর্থ বলে গ্যারি ব্যালেন্সের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার মোহাম্মদ হাফিজ।
দ্বিতীয় জুটিতে দলের হাল ধরেন সামি আসলাম ও ওয়ানডাউনে নামা আযহার আলী। এই জুটি থেকে আসে ১৮১ রান। ভিন্সের হাতে রান আউটের ফাঁদে পড়েন সামি আসলাম। মাঠ ছাড়ার আগে ৮২ রান করেছেন। ১৭৬ বলে ৯টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আসলাম বিদায় নিলেও সেঞ্চুরি পূর্ণ করেন আযহার। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১০ম সেঞ্চুরি। কিন্তু দিনের শেষ বলে আউট হয়ে যান তিনি। ওয়াকেসের বলে কুকের হাতে ক্যাচ তুলে দেন। শেষ পর্যন্ত তার ইনিংসটি শেষ হয় ১৩৯ রানে। ২৯৩টি বল মোকাবিলা করে ১৫টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। ২১ রান নিয়ে এদিনের খেলা শেষ করেছেন ইউনিস খান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল