আমিরাতের বিমানে দুর্ঘটনায় এক দমকল কর্মী নিহত

বিডি নিউজ ৬৪:আমিরাত এয়ারলাইন্সের যে বিমানটি ভারত থেকে উড্ডয়নের পর দুবাই বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে গিয়ে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে, তার সমস্ত আরোহী নিরাপদে বেরিয়ে আসতে পারলেও অগ্নিনির্বাপণে ব্যস্ত দমকল বাহিনীর এক কর্মী নিহত হয়েছেন।

বুধবারের ঐ দুর্ঘটনার কারণ এখনো জানা যায় নি। ইন্টারনেটে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছিল বিমানটি রানওয়েতে মুখথুবড়ে পড়ে রয়েছে, সেই সাথে আগুন ও কালো ধোঁয়া। অনুমান করা হচ্ছে, নামার সময় ল্যান্ডিং গিয়ার বা ভাজ হওয়া চাকা ঠিকভাবে খোলে নি।

আমিরাত এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ফ্লাইট ইকে-৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে ২৮২ জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

যাত্রী ও ক্রুসহ উড়োজাহাজটির ৩০০ আরোহীর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও আরোহীদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আগুন নেভানোর চেষ্টা করার সময় দুবাইয়ের এক দমকল কর্মীর মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *