বিডি নিউজ ৬৪: মুক্তির প্রথম দিনেই বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর রেকর্ড তছনছ করে দিয়েছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এমনকি মুক্তির প্রথম দিনে বলিউডের ভাইজান খ্যাত তারকা অভিনেতা সালমান খানের ‘সুলতান’-এর রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছিল। আর এবার ২২ জুলাই মুক্তি পাওয়া রজনীর ‘কাবালি’ বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়লো!
বলিউডের সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি মুক্তি পায় ৬ জুলাই। মুক্তির পর এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে ছবিটি আয় করে প্রায় ৩০০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সুলতানের আয় ৫৭৮ কোটি রুপি। অন্যদিকে এই ছবিটির প্রায় ১৫দিন পরে অর্থ্যাৎ ২২ জুলাই মুক্তি পায় রজনীকান্তের ছবি ‘কাবালি’। মুক্তির মাত্র ১৩ দিনে অনন্য রেকর্ডের পথে ‘কাবালি’। ভারতের বক্স অফিসে মাত্র ২১১ কোটি রুপি আয় করতে সমর্থ হলেও বিশ্বব্যাপী ছবিটি এই কয়দিনে আয় করেছে প্রায় সাড়ে ছয়শো কোটি রুপি।
ট্রেড অ্যালিস্টদের মতে, রজনীকান্তের ‘কাবালি’ ছবিটি ভারতের চেয়ে বেশি আয় করে চলেছে বিদেশের প্রেক্ষাগৃহগুলো থেকে। শুধুমাত্র আমেরিকাতেই নয় বরং মালায়শিয়া, জাপানসহ মধ্যপ্রাচ্য থেকেও বিশাল পরিমাণ টাকা আয় করছে ছবিটি।
৯০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করে ৪৮ কোটি রুপি। যা ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে রীতিমত রেকর্ড। অন্যদিকে মুক্তির আগেই রেকর্ড পরিমাণ আয় করেছে ‘কাবালি’। প্রযোজকের মতে তার ছবিটি মুক্তির আগেই টিভি সত্ত্ব দিয়ে অন্তত ২০০ কোটি রুপি আয় করতে সমর্থ হয়।
মাত্র নব্বই কোটি রুপিতে নির্মিত ‘কাবালি’ মুক্তির পর থেকেই চারদিকে এমন জয়জয়কার দেখে উল্লসিত ‘কাবালি’র প্রযোজকও। তার প্রত্যাশা ছিল ছবিটি সব মিলিয়ে অন্তত ৫০০ কোটি রুপি আয় করবে। কিন্তু প্রযোজকের সেই প্রত্যাশা মুক্তির মাত্র দশ দিনেই পূর্ণ করে কাবালি!
রজনীকান্ত, রাধিকা আপ্তে এবং ধানসিকা অভিনীত ‘কাবালি’ গত ২২ জুলাই শুক্রবার ভারতে বিভিন্ন অঞ্চেলের প্রায় ৪০০০ সিনেমা হলে মুক্তি পায়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১০০০ প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল