ছিনতাইকারীদের হামলায় পুলিশ কনস্টেবল আহত

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার নুরপুর মোড়ে ছিনতাইকারীদের হামলায় মুস্তাক আহম্মেদ (৫০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত মুস্তাক আহম্মেদ মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের কর্মরত রয়েছেন। তার কনস্টেবল নং ২১৬।

আটককৃতরা হলেন- সদর উপজেলার নুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হবি (৩২) ও পিরোজপুর গ্রামের গোপালের ছেলে রফিক (৩০)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ছুটিতে বাগেরহাট জেলায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আজ ভোরে কোমরপুর থেকে ইজিবাইকযোগে চাঁদবিলে যাচ্ছিলেন মুস্তাক আহম্মেদ। সেখান থেকে খুলনাগামী বাসে চড়ার কথা ছিল। নুরপুর মোড়ে পৌঁছালে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী গতিরোধ করে নগদ টাকা, মোবাইলসহ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বাধা দেওয়ায় মুস্তাককে বেধড়ক মারপিট করে ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা আহত মুস্তাককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সদর উপজেলার পিরোজপুর গ্রামের হবি ও রফিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকেও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *